ভারতীয় প্রজাতন্ত্র সরকার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,

অপরাধীগণের পারস্পরিক প্রত্যর্পণের বিষয়ে আরও বিধান প্রণয়নের মাধ্যমে অপরাধ দমনে উভয় দেশের সহযোগিতা অধিকতর কার্যকর করিবার আকাঙ্ক্ষা পোষণ করিয়া;

সন্ত্রাসবাদ মোকাবিলায় সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ আবশ্যক – ইহা স্বীকার করিয়া;

নিম্নরূপ সম্মত হইয়াছে:

অনুচ্ছেদ ১: প্রত্যর্পণের বাধ্যবাধকতা

১. এই চুক্তির বিধানাবলি সাপেক্ষে, চুক্তিবদ্ধ রাষ্ট্রদ্বয় একে অপরের নিকট এমন ব্যক্তিগণকে প্রত্যর্পণ করিতে সম্মত হয়, যাঁহারা চুক্তিবদ্ধ রাষ্ট্রদ্বয়ের একটির ভূখণ্ডে অবস্থানরত পাওয়া গিয়াছেন এবং যাঁহাদের বিরুদ্ধে অপর চুক্তিবদ্ধ রাষ্ট্রের বিচারিক কর্তৃপক্ষ কর্তৃক অনুচ্ছেদ ২-এ বর্ণিত কোনো প্রত্যর্পণযোগ্য অপরাধ সংঘটনের দায়ে কার্যধারা গ্রহণ করা হইয়াছে, বা যাঁহাদিগকে অভিযুক্ত করা হইয়াছে, বা যাঁহারা দোষী সাব্যস্ত হইয়াছেন, অথবা বিচারিকভাবে ঘোষিত দণ্ড কার্যকর করিবার জন্য যাঁহাদিগকে প্রয়োজন।

২. অনুরোধকারী রাষ্ট্রের ভূখণ্ডের বাহিরে সংঘটিত কোনো প্রত্যর্পণযোগ্য অপরাধের ক্ষেত্রে, অনুরোধকৃত রাষ্ট্রের আইনে অনুরূপ পরিস্থিতিতে এইরূপ অপরাধের জন্য শাস্তির বিধান থাকিলে, অনুরোধকৃত রাষ্ট্র এই চুক্তির বিধানাবলি সাপেক্ষে প্রত্যর্পণ মঞ্জুর করিবে।

অনুচ্ছেদ ২: প্রত্যর্পণযোগ্য অপরাধসমূহ


১. এই চুক্তির উদ্দেশ্যপূরণকল্পে, এমন আচরণ দ্বারা প্রত্যর্পণযোগ্য অপরাধ গঠিত হয়, যাহা প্রত্যেক চুক্তিবদ্ধ রাষ্ট্রের আইনে অন্যূন এক বৎসর মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয়।
২. কোনো অপরাধ কর বা রাজস্ব সম্পর্কিত হইলে, কিংবা নিছক রাজস্বসংক্রান্ত প্রকৃতির হইলেও, উহা প্রত্যর্পণযোগ্য অপরাধ হইতে পারে।
৩. কোনো অপরাধ উভয় চুক্তিবদ্ধ রাষ্ট্রের আইনে দণ্ডনীয় অপরাধ কি না তাহা নির্ধারণের ক্ষেত্রে, উভয় চুক্তিবদ্ধ রাষ্ট্রের আইনে অপরাধ গঠনকারী কার্য বা কার্যলোপকে একই শ্রেণির অপরাধের অন্তর্ভুক্ত করা হইয়াছে কি না, কিংবা অপরাধটিকে একই পরিভাষায় অভিহিত করা হইয়াছে কি না, তাহা বিবেচ্য হইবে না।
৪. প্রত্যর্পণযোগ্য অপরাধ সংঘটনের উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে, কিংবা উক্ত অপরাধ সংঘটনে সহায়তা, ষড়যন্ত্রে প্ররোচনা বা উসকানি প্রদান অথবা সহযোগী হিসাবে অংশগ্রহণের ক্ষেত্রেও প্রত্যর্পণ মঞ্জুর করা হইবে।

অনুচ্ছেদ ৩: যৌগিক অপরাধসমূহ

প্রত্যর্পণযোগ্য অপরাধের ক্ষেত্রে, অভিযুক্ত ব্যক্তির আচরণ সম্পূর্ণ বা আংশিকভাবে অনুরোধকৃত রাষ্ট্রে সংঘটিত হইয়া থাকিলেও, উক্ত রাষ্ট্রের আইনের অধীন সেই আচরণ ও উহার ফলাফল, বা উহার অভিপ্রেত ফলাফল, সামগ্রিকভাবে বিবেচনায় অনুরোধকারী রাষ্ট্রের ভূখণ্ডে প্রত্যর্পণযোগ্য অপরাধ সংঘটন বলিয়া গণ্য হইলে, এই চুক্তি অনুযায়ী প্রত্যর্পণ পাওয়া যাইবে।

অনুচ্ছেদ ৪: কেন্দ্রীয় কর্তৃপক্ষ

ভারতীয় প্রজাতন্ত্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ হইবে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের কেন্দ্রীয় কর্তৃপক্ষ হইবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কেন্দ্রীয় কর্তৃপক্ষের কোনো পরিবর্তন হইলে প্রত্যেক চুক্তিবদ্ধ রাষ্ট্র তাহা কূটনৈতিক মাধ্যমে অপর চুক্তিবদ্ধ রাষ্ট্রকে অবহিত করিবে।

অনুচ্ছেদ ৫: নাগরিকগণের প্রত্যর্পণ

ভূখণ্ডগত অপরাধ বা ভূখণ্ড-বহির্ভূত অপরাধ, উভয় ক্ষেত্রেই, অনুরোধকৃত রাষ্ট্র কর্তৃক তাহার নিজ নাগরিকগণের প্রত্যর্পণে এই চুক্তির কোনো কিছুই বাধা সৃষ্টি করিবে না।

অনুচ্ছেদ ৬: রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম

১. যে অপরাধের জন্য প্রত্যর্পণ চাওয়া হইয়াছে তাহা রাজনৈতিক চরিত্রের অপরাধ হইলে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যাইতে পারে।
২. এই চুক্তির উদ্দেশ্যপূরণকল্পে, নিম্নলিখিত অপরাধসমূহ রাজনৈতিক চরিত্রের অপরাধ বলিয়া গণ্য হইবে না:
(ক) চুক্তিবদ্ধ রাষ্ট্রদ্বয় যে বহুপাক্ষিক চুক্তির পক্ষ, উহার অধীন বাধ্যবাধকতা অনুসারে ফৌজদারি অপরাধ হিসাবে দণ্ডনীয় কোনো কার্য বা কার্যলোপ;
(খ) খুন;
(গ) মনুষ্যবধ (ম্যানস্লটার) বা অপরাধজনক নরহত্যা;
(ঘ) প্রকৃত শারীরিক ক্ষতিসাধনকারী হামলা, কিংবা অস্ত্র, বিপজ্জনক পদার্থ বা অন্য কোনো উপায়ে বিদ্বেষবশত জখম করা বা গুরুতর শারীরিক আঘাত সাধন;
(ঙ) জীবনহানির আশঙ্কা সৃষ্টি করিতে পারে বা সম্পত্তির গুরুতর ক্ষতি ঘটাইতে পারে এমন বিস্ফোরণ ঘটানো;
(চ) নিজে বা অপর কোনো ব্যক্তির মাধ্যমে জীবন বিপন্ন করিবার বা সম্পত্তির গুরুতর ক্ষতিসাধনের অভিপ্রায়ে কোনো ব্যক্তি কর্তৃক বিস্ফোরক দ্রব্য প্রস্তুত করা বা দখলে রাখা;
(ছ) নিজে বা অপর কোনো ব্যক্তির মাধ্যমে জীবন বিপন্ন করিবার অভিপ্রায়ে কোনো ব্যক্তি কর্তৃক আগ্নেয়াস্ত্র বা গোলাবারুদ দখলে রাখা;
(জ) নিজের বা অপর কোনো ব্যক্তির গ্রেপ্তার বা আটক প্রতিরোধ বা প্রতিহত করিবার অভিপ্রায়ে কোনো ব্যক্তি কর্তৃক আগ্নেয়াস্ত্র ব্যবহার;
(ঝ) জনউপযোগমূলক সেবায় ব্যবহৃত হউক বা না হউক, জীবন বিপন্ন করিবার অভিপ্রায়ে, অথবা উহার ফলে অপর কাহারও জীবন বিপন্ন হইতে পারে কি না সেই বিষয়ে বেপরোয়া অবজ্ঞা প্রদর্শনপূর্বক সম্পত্তির ক্ষতিসাধন;
(ঞ) জিম্মি করা সহ অপহরণ, জোরপূর্বক অপহরণ, অন্যায় অবরোধ বা বেআইনি আটক;
(ট) খুনের প্ররোচনা;
(ঠ) সন্ত্রাসবাদ সম্পর্কিত অন্য কোনো অপরাধ, যাহা অনুরোধের সময় অনুরোধকৃত পক্ষের আইনের অধীন রাজনৈতিক চরিত্রের অপরাধ বলিয়া গণ্য নহে;
(ড) পূর্বোক্ত অপরাধসমূহের যেকোনোটি সংঘটনের উদ্যোগ বা ষড়যন্ত্র, অথবা এইরূপ অপরাধ সংঘটনকারী বা সংঘটনের উদ্যোগ গ্রহণকারী ব্যক্তির সহযোগী হিসাবে অংশগ্রহণ।

অনুচ্ছেদ ৭: প্রত্যর্পণ ও বিচার

১. যে ব্যক্তির প্রত্যর্পণ চাওয়া হইয়াছে, তিনি উক্ত প্রত্যর্পণযোগ্য অপরাধের জন্য অনুরোধকৃত রাষ্ট্রের আদালতে বিচারযোগ্য হইলে, অনুরোধকৃত রাষ্ট্র প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করিতে পারে।
২. অনুরোধকৃত রাষ্ট্র এই অনুচ্ছেদের উপ-অনুচ্ছেদ (১)-এ বর্ণিত কারণে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করিলে, বিচার করা যায় কি না তাহা বিবেচনার জন্য সে মামলাটি তাহার ক্ষমতাসম্পন্ন কর্তৃপক্ষের নিকট পেশ করিবে। উক্ত কর্তৃপক্ষ সেই রাষ্ট্রের আইনের অধীন গুরুতর প্রকৃতির যেকোনো অপরাধের ক্ষেত্রে যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করে, সেইভাবেই সিদ্ধান্ত গ্রহণ করিবে।
৩. ক্ষমতাসম্পন্ন কর্তৃপক্ষ এইরূপ ক্ষেত্রে বিচার না করিবার সিদ্ধান্ত গ্রহণ করিলে, এই চুক্তি অনুসারে প্রত্যর্পণের অনুরোধ পুনর্বিবেচনা করা হইবে।

অনুচ্ছেদ ৮: প্রত্যর্পণ প্রত্যাখ্যানের কারণসমূহ


১. নিম্নোক্ত ক্ষেত্রে কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করা যাইবে না, যদি-
(ক) তিনি অনুরোধকৃত রাষ্ট্রকে সন্তুষ্ট করিতে পারেন যে, সকল পরিস্থিতি বিবেচনায়, নিম্নোক্ত কারণে তাঁহাকে প্রত্যর্পণ করা অন্যায্য বা নিপীড়নমূলক হইবে-
(অ) তিনি যে অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত, উহার তুচ্ছ প্রকৃতি; অথবা
(আ) অপরাধ সংঘটনের অভিযোগের পর হইতে, কিংবা ক্ষেত্রমতে বেআইনিভাবে পলাতক হইবার পর হইতে অতিবাহিত সময়; অথবা
(ই) ন্যায়বিচারের স্বার্থে সরল বিশ্বাসে তাঁহার বিরুদ্ধে অভিযোগ আনয়ন করা হয় নাই; অথবা
(খ) তিনি যে অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত, তাহা একটি সামরিক অপরাধ, যাহা সাধারণ ফৌজদারি আইনের অধীনেও অপরাধ নহে।
২. প্রত্যর্পণযোগ্য অপরাধে দণ্ডিত কোনো ব্যক্তিকে সেই অপরাধের জন্য প্রত্যর্পণ করা যাইবে না, যদি না তিনি চার মাস বা তদুর্ধ্ব মেয়াদের কারাদণ্ড বা অন্য কোনো প্রকার আটকাদেশে দণ্ডিত হইয়া থাকেন।
৩. যে অপরাধের জন্য কোনো ব্যক্তির প্রত্যর্পণ চাওয়া হইয়াছে, সেই অপরাধের জন্য অনুরোধকৃত রাষ্ট্রের ভূখণ্ডে তাঁহার বিরুদ্ধে কার্যধারা গৃহীত হইলে, তিনি যদি পূর্ববর্তী খালাস বা দণ্ড সম্পর্কিত অনুরোধকৃত রাষ্ট্রের কোনো আইনি বিধান অনুযায়ী অব্যাহতি লাভের অধিকারী হইতেন, তাহা হইলে তাঁহাকে প্রত্যর্পণ করা যাইবে না।

অনুচ্ছেদ ৯: সাময়িক সমর্পণ

অনুরোধকৃত রাষ্ট্রের আইন যতদূর অনুমোদন করে, ততদূর পর্যন্ত, অনুরোধকৃত রাষ্ট্রে দণ্ড ভোগরত কোনো ব্যক্তি প্রত্যর্পণযোগ্য বলিয়া সাব্যস্ত হইলে, অনুরোধকৃত রাষ্ট্র, চুক্তিবদ্ধ রাষ্ট্রদ্বয়ের মধ্যে নির্ধারিতব্য শর্তাবলি অনুসারে, বিচারের উদ্দেশ্যে উক্ত ব্যক্তিকে অনুরোধকারী রাষ্ট্রের নিকট সাময়িকভাবে সমর্পণ করিতে পারে। সাময়িক সমর্পণের পর অনুরোধকৃত রাষ্ট্রে প্রত্যাবর্তিত কোনো ব্যক্তিকে, এই চুক্তির বিধানাবলি এবং অনুরোধকৃত দেশের বিদ্যমান আইন অনুসারে, আরোপিত দণ্ড ভোগের জন্য অনুরোধকারী রাষ্ট্রের নিকট চূড়ান্তভাবে সমর্পণ করা যাইতে পারে।

অনুচ্ছেদ ১০: প্রত্যর্পণ পদ্ধতি

১. এই চুক্তির অধীন প্রত্যর্পণের অনুরোধ কূটনৈতিক মাধ্যমে করিতে হইবে।
২. অনুরোধের সহিত নিম্নলিখিত বিষয়াদি সংযুক্ত থাকিবে:
(ক) অনুরোধকৃত ব্যক্তির যথাসম্ভব নির্ভুল বর্ণনা, এবং তাঁহার পরিচয়, জাতীয়তা ও বাসস্থান নিরূপণে সহায়ক অন্য যেকোনো তথ্য;
(খ) যে অপরাধের জন্য প্রত্যর্পণ চাওয়া হইয়াছে, উহার ঘটনার বিবরণ; এবং
(গ) যদি থাকে, (অ) উক্ত অপরাধ সংজ্ঞায়িতকারী এবং (আ) উক্ত অপরাধের সর্বোচ্চ শাস্তি নির্ধারণকারী আইনের পাঠ।
৩. অনুরোধ কোনো অভিযুক্ত ব্যক্তি সম্পর্কিত হইলে, উহার সহিত অনুরোধকারী রাষ্ট্রের ভূখণ্ডে কোনো বিচারক, ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো ক্ষমতাসম্পন্ন কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা এবং এইরূপ সাক্ষ্য-প্রমাণও সংযুক্ত থাকিতে হইবে, যাহা অনুরোধকৃত রাষ্ট্রের আইন অনুযায়ী, অপরাধটি অনুরোধকৃত রাষ্ট্রের ভূখণ্ডে সংঘটিত হইলে, তাঁহাকে বিচারার্থ সোপর্দ করিবার পক্ষে যথেষ্ট হইত; ইহার মধ্যে এই মর্মে সাক্ষ্য অন্তর্ভুক্ত থাকিবে যে, অনুরোধকৃত ব্যক্তিই সেই ব্যক্তি, যাঁহার প্রতি গ্রেপ্তারি পরোয়ানা প্রযোজ্য।
৪. অনুরোধ ইতোমধ্যে দোষী সাব্যস্ত ও দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি সম্পর্কিত হইলে, উহার সহিত আরও সংযুক্ত থাকিবে—
(ক) দোষী সাব্যস্তকরণ ও দণ্ডাদেশের সনদ;
(খ) এই মর্মে একটি বিবৃতি যে, উক্ত ব্যক্তি দোষী সাব্যস্তকরণ বা দণ্ডাদেশ লইয়া প্রশ্ন উত্থাপনের অধিকারী নহেন, এবং দণ্ডের কতটুকু অংশ ভোগ করা হয় নাই তাহার বিবরণ।
৫. এই চুক্তির উদ্দেশ্যে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ বা সরবরাহকৃত তথ্য অনুরোধ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য যথেষ্ট নহে বলিয়া অনুরোধকৃত রাষ্ট্র মনে করিলে, অনুরোধকৃত রাষ্ট্র যেরূপ সময় নির্ধারণ করিবে, সেই সময়ের মধ্যে অতিরিক্ত সাক্ষ্য-প্রমাণ বা তথ্য দাখিল করিতে হইবে।

অনুচ্ছেদ ১১: সাময়িক গ্রেপ্তার


১. জরুরি ক্ষেত্রে, একটি চুক্তিবদ্ধ রাষ্ট্র অপর চুক্তিবদ্ধ রাষ্ট্রকে অনুরোধকৃত ব্যক্তিকে সাময়িকভাবে গ্রেপ্তার করিবার জন্য অনুরোধ করিতে পারে। এইরূপ অনুরোধ লিখিতভাবে করিতে হইবে এবং কূটনৈতিক মাধ্যমে অনুরোধকৃত রাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষের নিকট প্রেরণ করিতে হইবে।
২. সাময়িক গ্রেপ্তারের আবেদনে নিম্নলিখিত বিষয়সমূহ থাকিবে:
(ক) উক্ত ব্যক্তির প্রত্যর্পণের অনুরোধ করিবার অভিপ্রায়ের উল্লেখ;
(খ) জরুরি হইবার কারণ সম্পর্কে একটি বিবৃতি;
(গ) পরিচয়, জাতীয়তা ও সম্ভাব্য অবস্থান সম্পর্কিত তথ্য এবং উক্ত ব্যক্তির বর্ণনা;
(ঘ) অপরাধের সংক্ষিপ্ত বিবরণ এবং তদধীন নির্ধারিত শাস্তি;
(ঙ) সম্ভব হইলে, অপরাধের সময় ও স্থানসহ মামলার ঘটনার সংক্ষিপ্ত বিবৃতি;
(চ) উক্ত ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বা দণ্ডাদেশ বিদ্যমান থাকিবার বিবৃতি; এবং
৩. অনুরোধের ফলাফল সম্পর্কে অনুরোধকারী রাষ্ট্রকে অবিলম্বে অবহিত করিতে হইবে।
৪. এইরূপ আবেদনের ভিত্তিতে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে গ্রেপ্তারের তারিখ হইতে ৬০ দিন অতিক্রান্ত হইবার পর মুক্তি প্রদান করিতে হইবে, যদি ইতোমধ্যে তাঁহার প্রত্যর্পণের অনুরোধ প্রাপ্ত না হইয়া থাকে। পরবর্তী সময়ে অনুরোধ প্রাপ্ত হইলে অনুরোধকৃত ব্যক্তির প্রত্যর্পণের জন্য আরও কার্যক্রম শুরু করিতে এই বিধান বাধা হইবে না।

অনুচ্ছেদ ১২: বিশেষত্বের নীতি

১. এই চুক্তির অধীন অনুরোধকারী রাষ্ট্রের ভূখণ্ডে প্রত্যর্পিত কোনো ব্যক্তির বিরুদ্ধে, এই অনুচ্ছেদের উপ-অনুচ্ছেদ (২)-এ বর্ণিত সময়কালে, সেই ভূখণ্ডে প্রত্যর্পণের পূর্বে সংঘটিত কোনো অপরাধের জন্য বা উহা সম্পর্কে, নিম্নোক্ত অপরাধসমূহ ব্যতীত, অনুরোধকারী রাষ্ট্রের ভূখণ্ডে অন্য কোনো কার্যক্রম গ্রহণ করা যাইবে না:
(ক) যে অপরাধের জন্য তাঁহাকে প্রত্যর্পণ করা হইয়াছে সেই অপরাধ;
(খ) তাঁহার প্রত্যর্পণ নিশ্চিত করিবার উদ্দেশ্যে প্রমাণিত তথ্যাদি দ্বারা প্রকাশিত কোনো লঘুতর অপরাধ, তবে যে অপরাধের ক্ষেত্রে তাঁহাকে প্রত্যর্পণের আদেশ আইনত প্রদান করা যাইত না তাহা ব্যতীত; অথবা
(গ) অন্য কোনো অপরাধ, যে অপরাধের জন্য তাঁহার বিরুদ্ধে কার্যক্রম গ্রহণে অনুরোধকৃত পক্ষ সম্মতি প্রদান করিতে পারে, তবে যে অপরাধের ক্ষেত্রে তাঁহাকে প্রত্যর্পণের আদেশ আইনত প্রদান করা যাইত না বা বাস্তবে প্রদান করা হইত না তাহা ব্যতীত।
২. উপ-অনুচ্ছেদ (১)-এ উল্লিখিত সময়কাল হইল সেই সময়কাল, যাহা অনুরোধকারী রাষ্ট্রের ভূখণ্ডে তাঁহার আগমনের দিন বা এই চুক্তির অধীন তাঁহার প্রত্যর্পণের দিন হইতে শুরু হয় এবং অনুরোধকারী রাষ্ট্রের ভূখণ্ড ত্যাগ করিবার সুযোগ তিনি যে পরবর্তী প্রথম দিনে পান, সেই দিনের পর পঁয়তাল্লিশ দিন অতিক্রান্ত হইলে শেষ হয়।
৩. এই অনুচ্ছেদের উপ-অনুচ্ছেদ (১)-এর বিধানাবলি এই চুক্তির অধীন কোনো ব্যক্তির প্রত্যর্পণের পর সংঘটিত অপরাধ বা এইরূপ অপরাধ সম্পর্কিত বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না।
৪. কোনো ব্যক্তিকে তৃতীয় কোনো রাষ্ট্রে পুনঃপ্রত্যর্পণ করা যাইবে না; তবে যে রাষ্ট্রের নিকট তাঁহাকে সমর্পণ করা হইয়াছে, সেই রাষ্ট্রের ভূখণ্ড ত্যাগের সুযোগ পাইবার পরও তিনি তাঁহার চূড়ান্ত অব্যাহতির পর ষাট দিনের মধ্যে তাহা ত্যাগ না করিলে, অথবা উক্ত ভূখণ্ড ত্যাগের পর সেখানে প্রত্যাবর্তন করিলে, এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হইবে না।

অনুচ্ছেদ ১৩: সাক্ষ্য


১. অনুরোধকৃত রাষ্ট্রের কর্তৃপক্ষ প্রত্যর্পণ সংক্রান্ত যেকোনো কার্যধারায় শপথ বা দৃঢ় ঘোষণা (অ্যাফারমেশন)-এর মাধ্যমে গৃহীত যেকোনো সাক্ষ্য, কোনো পরোয়ানা এবং কোনো দণ্ডাদেশের সনদ বা দণ্ডাদেশের তথ্যসংবলিত বিচারিক দলিল সাক্ষ্য হিসাবে গ্রহণ করিবে, যদি তাহা নিম্নরূপে প্রমাণীকৃত হয়—
(ক) (অ) পরোয়ানা স্বাক্ষরিত হইবার ক্ষেত্রে, কিংবা কোনো মূল দলিলের ক্ষেত্রে উহা প্রত্যয়িত হইবার মাধ্যমে, অনুরোধকারী রাষ্ট্রের কোনো বিচারক, ম্যাজিস্ট্রেট বা অন্য ক্ষমতাসম্পন্ন কর্তৃপক্ষ কর্তৃক; এবং
(আ) কোনো সাক্ষীর শপথ দ্বারা, অথবা অনুরোধকারী রাষ্ট্রের যথাযথ মন্ত্রীর সরকারি সিলমোহরযুক্ত হইবার মাধ্যমে; অথবা
(খ) অনুরোধকৃত রাষ্ট্রের আইন দ্বারা অনুমোদিত অন্য কোনো পদ্ধতিতে।
২. উপ-অনুচ্ছেদ (১)-এ বর্ণিত সাক্ষ্য অনুরোধকারী রাষ্ট্রে বা কোনো তৃতীয় রাষ্ট্রে শপথ বা দৃঢ় ঘোষণার মাধ্যমে গৃহীত হউক না কেন, অনুরোধকৃত রাষ্ট্রের প্রত্যর্পণ কার্যধারায় উহা গ্রহণযোগ্য হইবে।

অনুচ্ছেদ ১৪: প্রতিদ্বন্দ্বী অনুরোধসমূহ

একই ব্যক্তির প্রত্যর্পণ, একই অপরাধের জন্য হউক বা ভিন্ন ভিন্ন অপরাধের জন্য, কোনো চুক্তিবদ্ধ রাষ্ট্র এবং এমন কোনো তৃতীয় রাষ্ট্র কর্তৃক চাওয়া হইলে, যে তৃতীয় রাষ্ট্রের সহিত অনুরোধকৃত রাষ্ট্রের প্রত্যর্পণ ব্যবস্থা (এক্সট্রাডিশন অ্যারেঞ্জমেন্ট) রহিয়াছে, অনুরোধকৃত রাষ্ট্র নির্ধারণ করিবে কোন রাষ্ট্রের নিকট উক্ত ব্যক্তিকে সমর্পণ করিবে। সিদ্ধান্ত গ্রহণকালে অনুরোধকৃত রাষ্ট্র নিম্নোক্ত বিষয়সহ, তবে এগুলিতে সীমাবদ্ধ না থাকিয়া, সকল প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করিবে:
(ক) অনুরোধসমূহ কোনো চুক্তির অনুসরণে করা হইয়াছিল কি না;
(খ) অপরাধ সংঘটনের স্থান;
(গ) অনুরোধকারী রাষ্ট্রসমূহের নিজ নিজ স্বার্থ;
(ঘ) অপরাধসমূহের গুরুত্ব;
(ঙ) ভুক্তভোগীর জাতীয়তা;
(চ) অনুরোধকারী রাষ্ট্রসমূহের মধ্যে পরবর্তী প্রত্যর্পণের সম্ভাবনা; এবং
(ছ) অনুরোধকারী রাষ্ট্র হইতে অনুরোধসমূহ যে কালানুক্রমে প্রাপ্ত হইয়াছিল।

অনুচ্ছেদ ১৫: ভাষা

এই চুক্তি পালনকালে চুক্তিবদ্ধ পক্ষদ্বয় নিজ নিজ জাতীয় ভাষা ব্যবহার করিবে এবং উহার সহিত অপর চুক্তিবদ্ধ পক্ষের জাতীয় ভাষায় অথবা ইংরেজি ভাষায় অনুবাদ সংযুক্ত করিবে।

অনুচ্ছেদ ১৬: সমর্পণ


১. প্রত্যর্পণ মঞ্জুর করা হইলে, অনুরোধকারী রাষ্ট্র যেরূপ সুবিধাজনক প্রস্থানস্থল নির্দেশ করিবে, অনুরোধকৃত রাষ্ট্রের কর্তৃপক্ষ অনুরোধকৃত ব্যক্তিকে সেই রাষ্ট্রের ভূখণ্ডের সেই স্থানে প্রেরণ করিবে।
২. অনুরোধকারী রাষ্ট্র অনুরোধকৃত ব্যক্তিকে অনুরোধকৃত রাষ্ট্রের ভূখণ্ড হইতে এক মাসের মধ্যে, অথবা অনুরোধকৃত রাষ্ট্রের আইনের অধীন অনুমোদিত দীর্ঘতর সময়ের মধ্যে, অপসারণ করিবে। উক্ত সময়ের মধ্যে অপসারণ করা না হইলে, অনুরোধকৃত রাষ্ট্র একই অপরাধের জন্য তাঁহাকে প্রত্যর্পণ করিতে অস্বীকার করিতে পারিবে।

অনুচ্ছেদ ১৭: সম্পত্তি সমর্পণ

১. প্রত্যর্পণের অনুরোধ মঞ্জুর করা হইলে, অনুরোধকৃত রাষ্ট্র, অনুরোধক্রমে এবং তাহার আইন যতদূর অনুমোদন করে, অপরাধের প্রমাণ বা সাক্ষ্য হিসাবে কাজে লাগিতে পারে এমন বস্তুসমূহ (অর্থ সহ) অনুরোধকারী রাষ্ট্রের নিকট হস্তান্তর করিবে।
২. প্রশ্নাধীন বস্তুসমূহ অনুরোধকৃত রাষ্ট্রের ভূখণ্ডে আটক বা বাজেয়াপ্তযোগ্য হইলে, অনুরোধকৃত রাষ্ট্র, বিচারাধীন কার্যধারার সহিত সম্পর্কিত কারণে, সেগুলি সাময়িকভাবে নিজ হেফাজতে রাখিতে পারে, অথবা ফেরত প্রদানের শর্তে সেগুলি হস্তান্তর করিতে পারে।
৩. এই বিধানসমূহ অনুরোধকৃত রাষ্ট্রের বা অনুরোধকৃত ব্যক্তি ব্যতীত অন্য কোনো ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করিবে না। এইরূপ অধিকার বিদ্যমান থাকিলে, কার্যক্রম সমাপ্ত হইবার পর যথাশীঘ্র সম্ভব, অনুরোধক্রমে, বিনা খরচে বস্তুসমূহ অনুরোধকৃত রাষ্ট্রকে ফেরত প্রদান করিতে হইবে।

অনুচ্ছেদ ১৮: প্রত্যর্পণে পারস্পরিক আইনি সহায়তা

প্রত্যেক চুক্তিবদ্ধ রাষ্ট্র, তাহার আইন যতদূর অনুমোদন করে, যে অপরাধের জন্য প্রত্যর্পণ চাওয়া হইয়াছে সেই অপরাধ সংক্রান্ত ফৌজদারি বিষয়ে অপর রাষ্ট্রকে পারস্পরিক সহায়তার সর্বাধিক ব্যাপক পরিসর প্রদান করিবে।

অনুচ্ছেদ ১৯: দলিলপত্র ও ব্যয়

১. কোনো বিশেষ ক্ষেত্রে অনুরোধকৃত রাষ্ট্র তাহা দাবি করিলে, অনুরোধকারী রাষ্ট্র এই চুক্তির বিধান অনুসারে দাখিলকৃত যেকোনো দলিলের অনুবাদ সরবরাহ করিবে।
২. প্রত্যর্পণের অনুরোধের কারণে অনুরোধকৃত রাষ্ট্রের ভূখণ্ডে যে ব্যয় হইবে, তাহা সেই রাষ্ট্র বহন করিবে।
৩. অনুরোধ হইতে উদ্ভূত যেকোনো কার্যধারায় অনুরোধকারী রাষ্ট্রের প্রতিনিধিত্বের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা অনুরোধকৃত রাষ্ট্র গ্রহণ করিবে।

অনুচ্ছেদ ২০: আন্তর্জাতিক কনভেনশন/চুক্তির অধীন বাধ্যবাধকতাসমূহ

চুক্তিবদ্ধ রাষ্ট্রদ্বয় যে আন্তর্জাতিক কনভেনশন/চুক্তির পক্ষ, তাহা হইতে উদ্ভূত তাহাদের অধিকার ও বাধ্যবাধকতাকে বর্তমান চুক্তি ক্ষুণ্ণ করিবে না।

অনুচ্ছেদ ২১: চূড়ান্ত বিধানাবলী


১. বর্তমান চুক্তি ইহার কার্যকর হইবার পর উত্থাপিত অনুরোধসমূহের ক্ষেত্রে প্রযোজ্য হইবে, এমনকি প্রাসঙ্গিক কার্য বা কার্যলোপ উক্ত তারিখের পূর্বে সংঘটিত হইয়া থাকিলেও।
২. এই চুক্তি অনুসমর্থন সাপেক্ষ হইবে এবং অনুসমর্থনপত্র যথাশীঘ্র সম্ভব বিনিময় করা হইবে। অনুসমর্থনপত্র বিনিময়ের তারিখে এই চুক্তি কার্যকর হইবে।
৩. চুক্তিবদ্ধ রাষ্ট্রদ্বয়ের যেকোনোটি যেকোনো সময় কূটনৈতিক মাধ্যমে অপরকে নোটিশ প্রদানের দ্বারা এই চুক্তির অবসান ঘটাইতে পারিবে; এবং এইরূপ নোটিশ প্রদান করা হইলে, নোটিশ প্রাপ্তির ছয় মাস পর এই চুক্তি কার্যকারিতা হারাইবে।
ইহার সাক্ষ্যস্বরূপ, স্ব স্ব সরকার কর্তৃক যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত নিম্নস্বাক্ষরকারীগণ এই চুক্তিতে স্বাক্ষর করিয়াছেন।
দুই প্রস্থে সম্পাদিত হইল ঢাকায়, ২০১৩ সালের জানুয়ারি মাসের আঠাশতম দিবসে, হিন্দি, ইংরেজি ও বাংলা ভাষায়; সকল ভাষার পাঠই সমভাবে প্রামাণ্য। ব্যাখ্যাগত পার্থক্যের ক্ষেত্রে ইংরেজি পাঠ প্রাধান্য পাইবে।

ভারতীয় প্রজাতন্ত্র সরকারের পক্ষে
(সুশীল কুমার শিন্ডে)

স্বরাষ্ট্রমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে
(ড. মুহিউদ্দীন খান আলমগীর)
স্বরাষ্ট্রমন্ত্রী

অনুবাদ: Jibon Ibn Habib


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *