প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনের প্রায় প্রতিটি দিক বদলে দিয়েছে এমনকি বিয়ের মতো পবিত্র ও আনুষ্ঠানিক বিষয়টিও এর বাইরে নয়। একসময় শুধু টেলিফোনে বিয়ের খবর শোনা যেত, এখন মোবাইল ফোন ও ভিডিও কলের মাধ্যমে পৃথিবীর দুই প্রান্তে বসে বিয়ের ঘটনা নিয়মিতই ঘটছে। কিন্তু এ ধরনের বিয়ে আইনের দৃষ্টিতে কতটা গ্রহণযোগ্য? এর আইনি ভিত্তি আসলে কোথায়?
মুসলিম বিয়ের আইনগত শর্তাবলি
বাংলাদেশে মুসলিম বিয়ে নিবন্ধিত হয় মুসলিম বিবাহ ও তালাক (রেজিস্ট্রেশন) আইন ১৯৭৪ অনুযায়ী। এই আইনে বিয়ে বৈধ ও নিবন্ধিত হতে হলে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করা আবশ্যক।
• প্রথমত, বর ও কনে উভয় পক্ষের স্বেচ্ছায় ও প্রমাণযোগ্য সম্মতি থাকতে হবে।
• দ্বিতীয়ত, একজন নিবন্ধিত কাজীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে, যিনি উভয় পক্ষ বা তাদের মনোনীত প্রতিনিধির কাছ থেকে সম্মতি গ্রহণ করবেন।
• তৃতীয়ত, বিয়েতে ন্যূনতম দুজন সাক্ষীর উপস্থিতি বাধ্যতামূলক।
• চতুর্থত, কাবিননামা যথাযথভাবে পূরণ করে উভয় পক্ষ বা তাদের প্রতিনিধিকে স্বাক্ষর করতে হবে।
ফোনে বা ভিডিও কলে ‘হ্যাঁ’ বা ”কবুল” বললেই কি বিয়ে হয়?
সংক্ষিপ্ত উত্তর হলো-না। টেলিফোন বা ভিডিও কলে মৌখিকভাবে সম্মতি জানানো আইনগতভাবে বিয়ে রেজিস্ট্রেশনের জন্য যথেষ্ট নয়। কারণ ফোনে অন্যান্য শর্ত আংশিকভাবে পূরণ হলেও একটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করা সম্ভব হয় না, আর তা হলো কাবিননামায় স্বাক্ষর। বিদেশে অবস্থানরত বর বা কনে সরাসরি কাবিননামায় সই করতে পারেন না, ফলে বিয়েটি আইনগতভাবে অসম্পূর্ণ থেকে যায়।
উল্লেখ্য, বাংলাদেশে এ ধরনের বিয়ের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট বা সার্বজনীন প্রক্রিয়া এখনো নির্ধারিত হয়নি, যা আইনি জটিলতার অন্যতম কারণ।
তাহলে সমাধান কী? পাওয়ার অব অ্যাটর্নি
বিদেশে অবস্থানরত কেউ যদি টেলিফোন বা ভিডিও কলের মাধ্যমে বিয়ে করতে চান, তাহলে আইনি পথে এগোতে হলে তাকে আম-মোক্তারনামা বা পাওয়ার অব অ্যাটর্নির আশ্রয় নিতে হবে। এই প্রক্রিয়ায় বিদেশে থাকা ব্যক্তি তার বিশ্বস্ত কোনো প্রতিনিধিকে ক্ষমতা অর্পণ করেন, যিনি তার হয়ে কাবিননামায় স্বাক্ষর করবেন।
তবে শুধু পাওয়ার অব অ্যাটর্নিই যথেষ্ট নয়। বিদেশে অবস্থানকালে সংশ্লিষ্ট ব্যক্তিকে সেই দেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস অথবা নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ের ঘোষণা সত্যায়িত করতে হবে। এই সত্যায়িত দলিল পরবর্তীতে বাংলাদেশে বিয়ের রেজিস্ট্রেশনের সময় কাবিননামার সঙ্গে জমা দিতে হবে।
সবশেষে, বিদেশে থাকা ব্যক্তি যখন বাংলাদেশে ফিরে আসবেন, তখন তিনি নিজে উপস্থিত থেকে বিয়ের আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন।
সংক্ষেপে বলা যায়, প্রযুক্তির সাহায্যে দূরত্ব ঘোচানো গেলেও আইনের চোখে বিয়ে তখনই পরিপূর্ণ, যখন তা যথাযথ নথিপত্র ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নিবন্ধিত হয়। ভিডিও কলে সম্মতি জানানো বিয়ের সূচনা হতে পারে, কিন্তু আইনগত স্বীকৃতির জন্য নির্ধারিত প্রক্রিয়া অনুসরণের কোনো বিকল্প নেই।
Author: Jibon Ibn Habib