কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কারও মুখ বা কণ্ঠ জুড়ে বানানো ভুয়া ভিডিও এখন সহজেই তৈরি করা যায়। ফেসবুক, ইউটিউব বা মেসেঞ্জারে এমন ভিডিও ছড়ালে ভুক্তভোগীর সম্মান, পরিবার ও জীবিকা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশের আইনে এর প্রতিকারের পথ রয়েছে।
বর্তমান আইনি কাঠামো
আইনে “ডিপফেইক” শব্দটি সরাসরি নেই। তবে সাইবার সুরক্ষা আইন,২০২৬, ধারা ২৫-এ এআই দিয়ে তৈরি বা সম্পাদিত ভিডিও, ছবি ও অডিওর কথা স্পষ্টভাবে উল্লেখ আছে:-
যদি কোনো ব্যক্তি ওয়েবসাইট বা অন্য কোনো ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে অন্য কোনো ব্যক্তিকে ব্ল্যাকমেইলিং, বা যৌন হয়রানি, বা রিভেঞ্জ পর্ন, বা ডিজিটাল শিশু যৌন নিপীড়ন সংক্রান্ত উপাদান (চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ ম্যাটেরিয়াল) বা সেক্সটর্শন করিবার অভিপ্রায়ে সৃষ্ট, বা প্রাপ্ত, বা সংরক্ষিত কোনো তথ্য, ভিডিও চিত্র, অডিও ভিজ্যুয়াল চিত্র, স্থির চিত্র, গ্রাফিকস বা অন্য কোনো উপায়ে ধারণকৃত, এডিটকৃত, কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত অথবা এডিটকৃত ও প্রদর্শনযোগ্য এইরূপ কোনো তথ্য-উপাত্ত প্রেরণ, প্রকাশ বা প্রচার করেন, বা প্রেরণ, প্রকাশ বা প্রচার করার হুমকি প্রদান করেন, যাহা ক্ষতিকর বা ভীতি প্রদর্শক, তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ।
শাস্তি:
- সাধারণ ক্ষেত্রে সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড, ১০ লক্ষ টাকা অর্থদণ্ড, বা উভয়দণ্ড।
- ভুক্তভোগী নারী বা ১৮ বছরের কম বয়সী শিশু হলে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড, ২০ লক্ষ টাকা অর্থদণ্ড, বা উভয়দণ্ড।
অন্যান্য প্রাসঙ্গিক বিধান:
- ধারা ২১ ও ২২ (জালিয়াতি ও প্রতারণা): ভুয়া ভিডিও দিয়ে টাকা হাতানো, বিনিয়োগ প্রতারণা বা পরিচয় ব্যবহার করে প্রতারণায় প্রযোজ্য হতে পারে।
- ধারা ২৭ (সহায়তা): অপরাধে সহায়তাকারীও দায়ী হতে পারেন।
- দণ্ডবিধি, ১৮৬০ (মানহানি ও নারীর শালীনতা ক্ষুণ্ণ): ভিডিও মানহানিকর হলে বা নারীর শালীনতা ক্ষুণ্ণ করলে প্রযোজ্য হতে পারে।
- পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২: ভিডিও অশ্লীল প্রকৃতির হলে প্রযোজ্য হতে পারে
ভুক্তভোগীর করণীয়: ধাপে ধাপে
১. প্রমাণ সংরক্ষণ করুন।
ভিডিও মুছে ফেলার আগে এই কাজগুলো করুন:
- ভিডিওর লিংক, পোস্টদাতার প্রোফাইল লিংক, তারিখ ও সময়সহ স্ক্রিনশট রাখুন।
- সম্ভব হলে ভিডিওটি ডাউনলোড করুন।
- কমেন্ট, শেয়ার ও মেসেজের স্ক্রিনশট রাখুন।
- কেউ হুমকি বা টাকা দাবি করলে সেই চ্যাটও সংরক্ষণ করুন।
ডিজিটাল প্রমাণ মূল ডিভাইসসহ সংরক্ষণ করা ভালো, কারণ পরে ফরেনসিক পরীক্ষার প্রয়োজন হতে পারে।
২. প্ল্যাটফর্মে রিপোর্ট করুন।
ফেসবুক, ইউটিউব, টিকটক বা এক্স-এ ভুয়া বা যৌন প্রকৃতির বানোয়াট কনটেন্ট হিসেবে রিপোর্ট করুন। এতে দ্রুত কনটেন্ট সরানো সম্ভব হতে পারে।
৩. সরকারি পর্যায়ে অপসারণের অনুরোধ।
আইনের ধারা ৮ অনুযায়ী, সাইবার সুরক্ষার জন্য হুমকি তৈরি করে এমন তথ্য সরাতে বা ব্লক করতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক ব্যবস্থা নিতে পারেন বা বিটিআরসিকে অনুরোধ করতে পারেন। এই ধারার অধীনে ব্যবস্থা নিলে ৩ দিনের মধ্যে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের অনুমতি নিতে হয়, নইলে কনটেন্ট আবার খুলে দিতে হয়। এটি জরুরি প্রতিকারের একটি পথ।
৪. থানায় বা ট্রাইব্যুনালে অভিযোগ।
স্থানীয় থানায় সাধারণ ডায়েরি বা অভিযোগ করা যায়। পুলিশের সাইবার ইউনিটেও যোগাযোগ করা সম্ভব। এ ধরনের অপরাধ বিচার করে সাইবার ট্রাইব্যুনাল। যৌন হয়রানি, ব্ল্যাকমেইল বা অশ্লীল কনটেন্ট প্রকাশের মতো অপরাধে ভ্রাম্যমাণ আদালতও শাস্তি দিতে পারে, তবে ভুক্তভোগী নারী বা শিশু হলে বিচার সাইবার ট্রাইব্যুনালে হতে হবে।
৫. আইনজীবীর সহায়তা নিন।
আইনি নোটিশ, মামলার খসড়া, ক্ষতিপূরণ দাবি ও প্রমাণ উপস্থাপনে আইনজীবী গুরুত্বপূর্ণ। আইনের ধারা ৩০-এ ক্ষতিপূরণের আদেশ দেওয়ার ক্ষমতার বিধান আছে, তাই মামলায় ক্ষতিপূরণও চাওয়া যায়।
নারী ও শিশুর ক্ষেত্রে জাতীয় হেল্পলাইন ১০৯ এবং জরুরি সহায়তায় ৯৯৯-এ যোগাযোগ করা যায়।
মিথ্যা অভিযোগ থেকে সাবধান
ভিডিও আসল না নকল তা যাচাই না করে অন্যের বিরুদ্ধে মামলা করলে নিজেই ঝুঁকিতে পড়তে পারেন। আইনে মিথ্যা মামলা বা অভিযোগের জন্য আলাদা দণ্ডের বিধান (ধারা ২৮) আছে। আবার কোনো ভিডিও নকল জানার পরও শেয়ার করলে শেয়ারকারীও অপরাধের সহায়তাকারী বা প্রচারকারী হিসেবে অভিযুক্ত হতে পারেন। সন্দেহজনক ভিডিও শেয়ার না করাই নিরাপদ।
সাধারণ নাগরিকের জন্য পরামর্শ
- নিজের মুখের ছবি, ভয়েস ও ভিডিও অপরিচিতদের সঙ্গে শেয়ার করা এড়িয়ে চলুন।
- সোশ্যাল মিডিয়া প্রোফাইলে প্রাইভেসি সেটিংস কড়া রাখুন।
- হঠাৎ পরিচিত কারও ভিডিও কলে টাকা চাওয়া হলে অন্য মাধ্যমে নিশ্চিত হয়ে নিন।
- ব্ল্যাকমেইলকারীকে টাকা দেবেন না। এতে হুমকি বাড়ে, তাই প্রমাণ রেখে দ্রুত আইনি পথে যান।
সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এআই-নির্মিত যৌন ও ক্ষতিকর বিষয়বস্তুর বিরুদ্ধে স্পষ্ট ব্যবস্থার সুযোগ দিয়েছে। তবে আইন কার্যকর হয় তখনই, যখন ভুক্তভোগী দ্রুত প্রমাণ সংরক্ষণ করে সঠিক ফোরামে যান।
Author: Jibon Ibn Habib