আমরা প্রতিনিয়ত বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পন্য অনলাইনে ক্রয় করে থাকি। এই পন্য ক্রয় করতে গিয়ে আমাদের প্রায় সময় প্রতারণার শিকার হতে হয়। যেমন, এক পণ্যের কথা বলে অন্য পণ্য দেওয়া, ভেজাল পন্য, অধিক মূল্য, ক্ষতিকারক পণ্য, মিথ্যা বিজ্ঞাপন, ওজনে কম, নকল বা মেয়াদ উত্তীর্ণ পণ্য, ইত্যাদি সমস্যার সম্মুখীন হতে হয়।
তাই সরকার ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য ২০০৯ সালে একটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ প্রণয়ন করে। যার মূল লক্ষ্যই হলো ভোক্তাদের অধিকার সংরক্ষণ করা।
এই আইনের ২(২০) দাড়ায় স্পষ্টভাবে বলা হয়েছে কোন ব্যক্তি যদি নিম্নলিখিত প্রতারণার শিকার হয়ে থাকেন তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে পারে।
২(২০) ধারা মতে, ভোক্তা-অধিকার বিরোধী কার্যসমূহ:-
(ক) আইন বা বিধির অধীন নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে কোন পণ্য, ঔষধ বা সেবা বিক্রয় করা বা করিতে প্রস্তাব করা;
(খ) জ্ঞাতসারে ভেজাল মিশ্রিত পণ্য বা ঔষধ বিক্রয় করা বা করিতে প্রস্তাব করা;
(গ) মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মকভাবে ক্ষতিকারক কোন দ্রব্য, কোন খাদ্যপণ্যের সহিত যাহার মিশ্রণ কোন আইন বা বিধির অধীন নিষিদ্ধ করা হইয়াছে, উক্তরূপ দ্রব্য মিশ্রিত কোন পণ্য বিক্রয় করা বা করিতে প্রস্তাব করা;
(ঘ) কোন পণ্য বা সেবা বিক্রয়ের উদ্দেশ্যে অসত্য বা মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করা, অর্থাৎ এক পণ্যের কথা বলে অন্য পণ্য দেওয়া, বা পন্যের বদলে অন্য কিছু দেওয়া, ইত্যুাদি।
(ঙ) প্রদত্ত মূল্যের বিনিময়ে প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা;
(চ) কোন পণ্য সরবরাহ বা বিক্রয়ের সময়ে ভোক্তাকে প্রতিশ্রুত ওজন অপেক্ষা কম ওজনের পণ্য বিক্রয় বা সরবরাহ করা;
(ছ) কোন পণ্য বিক্রয় বা সরবরাহের উদ্দেশ্যে ব্যবসা প্রতিষ্ঠানে ওজন পরিমাপের কার্যে ব্যবহৃত বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্র প্রকৃত ওজন অপেক্ষা অতিরিক্ত ওজন প্রদর্শনকারী হওয়া;
(জ) কোন পণ্য বিক্রয় বা সরবরাহের ক্ষেত্রে প্রতিশ্রুত পরিমাপ অপেক্ষা কম পরিমাপের পণ্য বিক্রয় বা সরবরাহ করা;
(ঝ) কোন পণ্য বিক্রয় বা সরবরাহের উদ্দেশ্যে ব্যবসা প্রতিষ্ঠানে দৈর্ঘ্য পরিমাপের কার্যে ব্যবহৃত পরিমাপক ফিতা বা অন্য কিছু প্রকৃত দৈর্ঘ্য অপেক্ষা অধিক দৈর্ঘ্য প্রদর্শনকারী হওয়া;
(ঞ) কোন নকল পণ্য বা ঔষধ প্রস্তুত বা উৎপাদন করা;
(ট) মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয় করা বা করিতে প্রস্তাব করা; বা
(ঠ) সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্ন হইতে পারে এমন কোন কার্য করা, যাহা কোন আইন বা বিধির অধীন নিষিদ্ধ করা হইয়াছে;
উপরিউক্ত যে কোন অপরাধের জন্য একজন ভোক্তা যেভাবে অধিকার পেতে পারে-
যে কোন ভোক্তা মহাপরিচালক, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, উপপরিচালক, ঢাকা বিভাগীয় কার্যালয়, সহকারী পরিচালক, ঢাকা জেলা কার্যালয় ও অন্যান্য জেলা কার্যালয়সমূহ এবং বিভাগের আওতাধীন প্রত্যেক জেলার জেলা ম্যাজিস্ট্রেট বরাবর অভিযোগ দায়ের করে সেবা পেতে পারেন। লিখিত আকারে, ফ্যাক্স ও ই-মেইল ইত্যাদি মাধ্যমে অভিযোগ দায়ের করা যাবে।অভিযোগের আবেদনে অবশ্যই অভিযোগকারীর পূর্ণ নাম ও ঠিকানা, পিতা ও মাতার নাম, ফোন নম্বর এবং পেশা উল্লেখ করতে হবে।
অভিযোগ দায়েরের সময়সীমা :
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৬০ অনুযায়ী, কোন ব্যক্তি কারণ উদ্ভব হওয়ার ৩০ দিনের মধ্যে এই আইনের অধীন অভিযোগ দায়ের করতে পারবেন। অন্যথায় উক্ত অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
অভিযোগকীরকে জরিমানার অর্থের ২৫% প্রদান:
দায়েরকৃত আমলযোগ্য অভিযোগ তদন্তে প্রমাণিত ও জরিমানা আরোপ করা হলে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৭৬(৪) অনুযায়ী আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে প্রদান করা হবে।
অভিযোগ দায়েরের পদ্ধতি:
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৭৬ (১) অনুযায়ী, “যে কোন ব্যক্তি, যিনি, সাধারণভাবে একজন ভোক্তা বা ভোক্তা হইতে পারেন, এই আইনের অধীন ভোক্তা-অধিকার বিরোধী কার্য সম্পর্কে মহাপরিচালক বা এতদুদ্দেশ্যে মহাপরিচালকের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে অবহিত করিয়া লিখিত অভিযোগ দায়ের করিতে পারিবেন।”
যেভাবে অভিযোগ দায়ের করতে হবে:
দায়েরকৃত অভিযোগ অবশ্যই লিখিত হতে হবে। ফ্যাক্স ও ই-মেইল ইত্যাদি মাধ্যমে অভিযোগ দায়ের করা যাবে। অভিযোগের সাথে পণ্য বা সেবা ক্রয়ের রশিদ অথবা যাবতীয় প্রমাণাদি সংযুক্ত করতে হবে। অভিযোগকারী তাঁর পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা, পিতা ও মাতার নাম, ফোন, ফ্যাক্স ও ই-মেইল নম্বর (যদি থাকে) এবং পেশা উল্লেখ করবেন।
যেখানে অভিযোগ দায়ের করা যাবে :
মহাপরিচালক, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ১ কারওয়ান বাজার (টিসিবি ভবন-৮ম তলা), ঢাকা, ফ্যাক্স: +৮৮০২ ৮১৮৯৪২৫
জাতীয় ভোক্তা অভিযোগ কেন্দ্র, টিসিবি ভবন- ৮ম তলা, ১ কারওয়ান বাজার ঢাকা, সেল ফোন: ০১৭৭৭-৭৫৩৬৬৮ ই-মেইল- nccc@dncrp.gov.bd
উপপরিচালক, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা বিভাগীয় কার্যালয়।
সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা বিভাগীয় কার্যালয়।
ঠিকানা: উপপরিচালক, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা বিভাগীয় কার্যালয়, ঢাকা । ১ কারওয়ান বাজার (টিসিবি ভবন-৯ম তলা), ঢাকা
ফোন: ০২-৮১৮৯০২৮
সেল ফোন: ০১৩১৮-৩৯৬৯১৩
ই-মেইল: dd-dhaka@dncrp.gov.bd
ad-dhakadiv@dncrp.gov.bd
Author: Jibon Ibn Habib