বৈচিত্র্যময় সমাজে অনেক সময় ব্যক্তি তার ভালোবাসার মানুষকে ধর্মীয় পার্থক্যের কারণে বিয়ে করতে পারেন না। ১৮৭২ সালের বিশেষ বিবাহ আইন এমন এক আইন যা ধর্ম-বর্ণ নির্বিশেষে বিবাহের সুযোগ প্রদান করে। এই আইনের আওতায়, বিভিন্ন ধর্মাবলম্বী কিংবা ধর্মহীন ব্যক্তিরাও বৈধভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন।

বিশেষ বিবাহ আইন এবং তার প্রক্রিয়া

বাংলাদেশে ১৮৭২ সালের ব্রিটিশ শাসনামলে বিশেষ বিবাহ আইন কার্যকর হয়, যা বর্তমানে এখনও প্রচলিত। এই আইনের মাধ্যমে যেকোনো ধর্মের পুরুষ ও নারী একে অপরকে বিবাহ করতে পারেন। এমনকি যারা কোনো ধর্ম অনুসরণ করেন না, তারাও এই আইনের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। তবে, এই বিয়ে করার ক্ষেত্রে কিছু শর্ত পূরণ করতে হয়।

বিশেষ বিবাহ সম্পন্ন করার শর্তাবলী

১) বৈবাহিক অবস্থা: বিবাহের সময় পক্ষগণের মধ্যে কেউ বৈধভাবে বিবাহিত থাকতে পারবেন না। অর্থাৎ, বিবাহের সময় স্বামী বা স্ত্রী জীবিত থাকলে এই বিয়ে সম্পন্ন করা যাবে না।

২) বয়সসীমা: পুরুষের ন্যূনতম বয়স ২১ বছর এবং নারীর ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে।

৩) রক্ত সম্পর্ক: বিবাহের জন্য পক্ষগণ রক্ত সম্পর্কের বা বৈবাহিক সম্পর্কযুক্ত হতে পারবেন না, যদি তা প্রচলিত আইনে নিষিদ্ধ হয়।

৪) বিয়ের নোটিশ: বিবাহের জন্য অন্তত ১৪ দিন আগে রেজিস্ট্রারের কাছে লিখিত নোটিশ প্রদান করতে হবে। এই সময়ের মধ্যে কেউ আপত্তি না করলে বিয়ে সম্পন্ন করা যাবে।

৫) সাক্ষীদের উপস্থিতি: বিশেষ বিবাহ সম্পন্ন করতে হলে রেজিস্ট্রারের উপস্থিতিতে তিনজন সাক্ষীর সামনে বিবাহ ঘোষণাপত্রে স্বাক্ষর করতে হবে। এরপর হলফনামাটি নোটারি পাবলিক কর্তৃক ‘নোটরাইজড’ করতে হবে।

৬) উত্তরাধিকার সম্পর্কিত বিধান: আইনের ২২ নম্বর ধারা অনুসারে, হিন্দু, বৌদ্ধ, শিখ বা জৈন ধর্মাবলম্বী কোনো যৌথ পরিবারের কোনো সদস্য এই আইনের অধীনে বিবাহ করলে তার পরিবার থেকে উত্তরাধিকার সম্পর্ক ছিন্ন হবে।

৭) ধর্ম ত্যাগের বাধ্যবাধকতা: মুসলিম, খ্রিস্টান, ইহুদি, পারসি, বৌদ্ধ, শিখ বা জৈন নন এমন ব্যক্তিদের মধ্যে বিয়ে করতে হলে উভয় পক্ষকেই ধর্ম ত্যাগ করতে হবে। অন্যথায়, বিবাহ বাতিল বলে গণ্য হবে। তবে মুসলিম ব্যক্তি চাইলে মুসলিম আইনের অধীনে অন্য ধর্মের কাউকে বিয়ে করতে পারেন।

৮) মিথ্যা তথ্য প্রদান শাস্তিযোগ্য অপরাধ: বিবাহের সময় যদি কোনো পক্ষ মিথ্যা তথ্য প্রদান করেন, বিশেষ করে ধর্ম পরিবর্তনের ক্ষেত্রে, তবে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

বিশেষ বিবাহ এবং উত্তরাধিকার আইন

যে সন্তান বিশেষ বিবাহ আইন অনুসারে জন্মগ্রহণ করে, সে চাইলে এই আইনের অধীনে বিবাহ করতে পারে। এই ক্ষেত্রে, উত্তরাধিকার এবং সম্পত্তির বণ্টন ১৯২৫ সালের উত্তরাধিকার আইন দ্বারা পরিচালিত হবে।

বিশেষ বিবাহ সম্পন্ন করার স্থান

বাংলাদেশে সরকারিভাবে বিশেষ বিবাহের অনুমোদিত স্থান হলো পুরান ঢাকার পাটুয়াটুলী। তবে অনেকেই তথ্যের অভাবে প্রথমে আদালতে যান। যদিও আদালতে বিশেষ বিবাহের কার্যক্রম সম্পন্ন হয় না, সেখানে শুধুমাত্র বিবাহ বিচ্ছেদ করা সম্ভব।

প্রয়োজনীয় কাগজপত্র

যারা বিশেষ বিবাহ করতে চান, তাদের জন্য নিচের কাগজপত্র থাকা বাধ্যতামূলক:

১। দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।

২। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

৩। তিনজন সাক্ষী।

১৮৭২ সালের বিশেষ বিবাহ আইন মূলত আন্তঃধর্মীয় ও ধর্মহীন ব্যক্তিদের বিবাহের সুযোগ করে দিয়েছে। যারা বিশেষ বিবাহ করতে চান, তাদের অবশ্যই এই আইনের নিয়ম ও শর্তাবলী সম্পর্কে ভালোভাবে জানা উচিত।

Author: Jibon Ibn Habib

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *