Identification doctrine বলে, কোম্পানির শীর্ষ স্তরে যাঁরা কোম্পানির “মস্তিষ্ক” হিসেবে কাজ করেন, তাঁদের কাজ ও মনোভাব আইনের চোখে কোম্পানির নিজেরই কাজ ও মনোভাব। এই কৌশলে কোম্পানিকে এমন অপরাধেও দোষী করা যায়, যেখানে দুষ্ট মন (mens rea) প্রমাণ করতে হয়। কিন্তু নিচের স্তরের কর্মীর দোষ এভাবে কোম্পানির ঘাড়ে চাপে না, ফলে বড় ও বিকেন্দ্রীকৃত কোম্পানি প্রায়ই ফৌজদারি দায় এড়িয়ে যায়। এই দুর্বলতাই আধুনিক আইনকে বিকল্প তত্ত্বের দিকে ঠেলে দিয়েছে।
১. ভূমিকা: কোম্পানি ও ফৌজদারি দায়ের সমস্যা
যে কোন কোম্পানি হলো কোম্পানি আইনে সৃষ্ট একটি কৃত্রিম সত্তা। তার মস্তিষ্ক নেই, হাত-পাও নেই। অথচ ফৌজদারি আইনে সাধারণত কোনো ব্যক্তিকে অপরাধী করতে দুটি উপাদান প্রমাণ করতে হয়: নিষিদ্ধ কাজ (actus reus) এবং দোষী মন (mens rea)। কোম্পানি নিজে কিছু করতে বা ভাবতে পারে না, তাই সরাসরি প্রমাণ করা অসম্ভব যে কোম্পানি “ইচ্ছা করেছিল” বা “বেপরোয়া আচরণ করেছিল”।
আদালত এই সমস্যার সমাধান করেছে একটি আইনি কৌশলে। কোম্পানির মন ও কাজকে কোনো মানুষের মন ও কাজের মধ্য দিয়ে চিনে নেওয়া হয় (identify)। এই নীতিই identification doctrine, যাকে “directing mind and will” তত্ত্বও বলা হয়। অর্থাৎ কোম্পানি নিজে কিছু করতে না পারলেও তার হয়ে যিনি সিদ্ধান্ত নেন, তাঁর কাজ ও মনই কোম্পানির কাজ ও মন বলে ধরা হয়।
২. মতবাদের মূল ধারণা
মূল প্রশ্নটি হলো, কোম্পানি যেহেতু নিজে ভাবতে পারে না, তার “মন” আইন কোথায় খুঁজবে? identification doctrine এর উত্তর দেয় তিনটি ধাপে।
প্রথম ধাপ: কোম্পানির ভেতরে দুই ধরনের মানুষ আছেন। কিছু ব্যক্তি কোম্পানির নীতি ও বড় সিদ্ধান্ত নিজেরাই ঠিক করেন, যেমন পরিচালনা পর্ষদ বা ম্যানেজিং ডিরেক্টর। আইন তাঁদের বলে কোম্পানির “মস্তিষ্ক” (directing mind)। অন্যরা, যেমন সুপারভাইজার, ড্রাইভার বা শ্রমিক, সেই সিদ্ধান্ত মেনে কাজ করেন। তাঁদের বলা হয় “হাত”। মস্তিষ্ক ও হাতের এই ভাগই পুরো মতবাদের ভিত্তি।
দ্বিতীয় ধাপ: মস্তিষ্কের মনই কোম্পানির মন। সাধারণ আইনে প্রতিনিধি (agent) কোনো ভুল করলে প্রশ্ন ওঠে, ভুলটি প্রতিনিধির, না যাঁর হয়ে তিনি কাজ করছিলেন তাঁর। কিন্তু যিনি কোম্পানির হয়ে সিদ্ধান্ত নেন (অর্থাৎ “মস্তিষ্ক”), তাঁর ক্ষেত্রে আইন তাঁকে কোম্পানির প্রতিনিধি হিসেবে দেখে না, কোম্পানির নিজেরই অংশ হিসেবে দেখে। তাই ম্যানেজিং ডিরেক্টর যদি জেনেশুনে ঝুঁকি নেন, আইনের ভাষায় বলা হয়, কোম্পানি নিজেই জেনেশুনে ঝুঁকি নিয়েছে। তাঁর কাজ কোম্পানির কাজ, তাঁর জ্ঞান ও ইচ্ছা কোম্পানির জ্ঞান ও ইচ্ছা।
তৃতীয় ধাপ: অপরাধের সব উপাদান একই ব্যক্তির মধ্যে থাকতে হবে। কোনো অপরাধ গঠিত হতে দুটি জিনিস লাগে: নিষিদ্ধ কাজ (actus reus) এবং দোষী মন (mens rea)। সিদ্ধান্ত গ্রহণকারী ওই ব্যক্তির (অর্থাৎ “মস্তিষ্কের”) মধ্যে যদি দুটিই পাওয়া যায়, তাহলে কোম্পানিও অপরাধে দোষী। কিন্তু যদি তাঁর মধ্যে কোনো একটি উপাদান না থাকে, বা উপাদানগুলো আলাদা আলাদা মানুষের মধ্যে ছড়িয়ে থাকে, তাহলে কোম্পানির ফৌজদারি দায় তৈরি হয় না।
একটি সহজ উদাহরণে বিষয়টি পরিষ্কার হয়। ধরা যাক ম্যানেজিং ডিরেক্টর জেনেশুনে বিপজ্জনক রাসায়নিক নদীতে ফেলার নির্দেশ দিলেন। এখানে তাঁর কাজও আছে, দোষী মনও আছে, আর তিনি মস্তিষ্ক। তাই কোম্পানি দোষী। কিন্তু যদি একজন পরিচ্ছন্নতাকর্মী নিজের ইচ্ছায়, কারও নির্দেশ ছাড়া, একই কাজ করেন, তিনি “হাত”। তাঁর দোষ এই মতবাদে কোম্পানির দোষ হয় না।
এক কথায়, মতবাদটি বলে: যিনি কোম্পানির হয়ে সিদ্ধান্ত নেন, তাঁর দোষই কোম্পানির দোষ। যিনি শুধু নির্দেশ পালন করেন, তাঁর দোষ নয়।
ক্লাসিক উপমাটি ডেনিং LJ-এর। তিনি কোম্পানিকে মানবদেহের সঙ্গে তুলনা করেছিলেন, যেখানে একটি মস্তিষ্ক ও স্নায়ুকেন্দ্র নির্দেশ দেয় আর হাতগুলো নির্দেশ পালন করে। মস্তিষ্কের মন কোম্পানির মন, কিন্তু হাতের মন কোম্পানির মন নয়।
এখানে একটি সূক্ষ্ম পার্থক্য মনে রাখা জরুরি। মতবাদটি অন্যের দোষ কোম্পানির ওপর চাপিয়ে দেওয়ার তত্ত্ব নয়। এর দাবি হলো, শীর্ষ ব্যক্তির দোষই কোম্পানির নিজস্ব দোষ। এ কারণেই সমর্থকেরা বলেন, মতবাদটি ফৌজদারি আইনের মূল নীতি, অর্থাৎ ব্যক্তিগত দোষের (culpability) সঙ্গে সঙ্গতিপূর্ণ।
৩. কারা “মস্তিষ্ক”, কারা “হাত”
কেউ “মস্তিষ্ক” কি না, তা পদবির নাম দিয়ে ঠিক হয় না। আদালত দেখে, তিনি বাস্তবে কোম্পানির নীতি ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্বাধীনভাবে নিচ্ছেন কি না। সাধারণভাবে পরিচালনা পর্ষদ এবং ম্যানেজিং ডিরেক্টর বা প্রধান নির্বাহী কোম্পানির মস্তিষ্ক। অন্য শীর্ষ কর্মকর্তারাও মস্তিষ্ক হতে পারেন, যদি তাঁরা স্বাধীনভাবে ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। অন্যদিকে শাখা বা স্টোর ম্যানেজার, সুপারভাইজার, ড্রাইভার বা সাধারণ কর্মী উপরের নির্দেশে কাজ করেন বলে সাধারণত “হাত” হিসেবে গণ্য হন। তাঁদের দোষ এই মতবাদে কোম্পানির দোষ হয় না।
৪. মতবাদের বিকাশ: মূল রায়সমূহ
মতবাদটির সূচনা হয় Lennard’s Carrying Co v Asiatic Petroleum (১৯১৫) মামলায়। মার্চেন্ট শিপিং আইনের “actual fault or privity” শর্তের ব্যাখ্যায় ভাইকাউন্ট হ্যাল্ডেন বলেন, কোম্পানির নিজস্ব মন নেই, তাই তার ইচ্ছা খুঁজতে হবে এমন ব্যক্তির মধ্যে, যিনি বাস্তবে কোম্পানির পরিচালক অর্থৎ মন। সেই মামলায় ম্যানেজিং ডিরেক্টরের দোষ কোম্পানির দোষ বলে ধরা হয়।
এরপর প্রশ্ন ওঠে, কোম্পানিকে কি এমন অপরাধেও দোষী করা যায়, যেখানে অপরাধীর ইচ্ছা বা উদ্দেশ্য (দোষী মন) থাকা জরুরি? R v ICR Haulage Ltd (১৯৪৪) মামলায় আদালত বলল, হ্যাঁ, যায়। এই মামলায় কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর একটি প্রতারণার ষড়যন্ত্রে (conspiracy to defraud) জড়িত ছিলেন। ষড়যন্ত্র এমন অপরাধ, যেখানে ইচ্ছা ছাড়া দোষী হওয়া যায় না। তবু আদালত ম্যানেজিং ডিরেক্টরের ইচ্ছাকে কোম্পানির ইচ্ছা ধরে কোম্পানিকেও দোষী সাব্যস্ত করল। অর্থাৎ কোম্পানির নিজস্ব মন না থাকলেও, তার শীর্ষ ব্যক্তির মন দিয়েই কোম্পানির দোষী মন প্রমাণ করা সম্ভব।
তবে মতবাদের পরিধি সংকীর্ণ করে দেয় Tesco Supermarkets Ltd v Nattrass (১৯৭২)। হাউস অব লর্ডস সিদ্ধান্ত দেয়, কোম্পানির “মস্তিষ্ক” মূলত পর্ষদ, ম্যানেজিং ডিরেক্টর ও কিছু শীর্ষ কর্মকর্তা। একটি শাখার স্টোর ম্যানেজার মস্তিষ্ক নন, তাই তাঁর ভুলের কারণে কোম্পানি দায়ী হয়নি।
এই নীতি যখন মৃত্যুর মতো সবচেয়ে গুরুতর ঘটনায় প্রয়োগ হলো, তখন আইনি অবস্থান আরও কঠোর হয়ে উঠল। R v HM Coroner for East Kent, ex p Spooner (১৯৮৭) মামলায় বলা হলো, কোম্পানি মূলনীতিতে manslaughter (অনিচ্ছাকৃত হত্যা)-এর দায়ে দোষী হতে পারে। কিন্তু শর্ত হলো, কোম্পানির শীর্ষ স্তরের একজন ব্যক্তির মধ্যেই অপরাধের দুটি উপাদান, অর্থাৎ নিষিদ্ধ কাজ (actus reus) ও দোষী মন (mens rea), একসঙ্গে প্রমাণ করতে হবে।
২০০০ সালে Attorney-General’s Reference (No 2 of 1999) মামলায় Court of Appeal বিষয়টি আরও স্পষ্ট করে। গুরুতর অবহেলায় মৃত্যু ঘটলে কোম্পানিকে manslaughter-এ দোষী করার একমাত্র পথ identification। অর্থাৎ আগে শীর্ষ স্তরের একজন ব্যক্তিকে শনাক্ত করে তাঁকে দোষী প্রমাণ করতে হবে। তিনি দোষী প্রমাণিত না হলে কোম্পানিও দোষী হবে না।
তবে সব ধরনের আইনে এই কঠোর পরীক্ষা চলে না। Meridian Global Funds Management Asia v Securities Commission (১৯৯৫) মামলায় প্রিভি কাউন্সিল ভিন্ন দৃষ্টিভঙ্গি দেয়। লর্ড হফম্যান বলেন, কার কাজ বা জ্ঞান কোম্পানির বলে ধরা হবে, তা সব মামলায় একই নিয়মে ঠিক হয় না। এটি নির্ভর করে সংশ্লিষ্ট আইনটি কী উদ্দেশ্যে তৈরি হয়েছে তার ওপর। অর্থাৎ Tesco মামলার সংকীর্ণ পরীক্ষা (শুধু পর্ষদ ও শীর্ষ কর্মকর্তা) সব ক্ষেত্রে একমাত্র মানদণ্ড নয়। আইনের উদ্দেশ্য বুঝে আদালত ঠিক করতে পারে, কোম্পানির পক্ষে কার কাজ বা জ্ঞান গণ্য হবে।
৫. একটি কাল্পনিক উদাহরণ
ধরা যাক একটি গার্মেন্টস কারখানায় আগুনে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে, আর কারণ ছিল বন্ধ রাখা জরুরি নির্গমন দরজা। প্রথম পরিস্থিতিতে যদি ফ্লোর সুপারভাইজার নিজের ইচ্ছায় দরজা বন্ধ রেখে থাকেন, তবে তিনি “হাত”। তাঁর দোষ কোম্পানির ফৌজদারি দায় তৈরি করে না, যদিও দেওয়ানি দায় আলাদা প্রশ্ন। দ্বিতীয় পরিস্থিতিতে যদি ম্যানেজিং ডিরেক্টর বারবার সতর্কতা পেয়েও দরজা খোলা রাখার ব্যবস্থা না করেন, তাহলে তিনি “মস্তিষ্ক”, আর তাঁর বেপরোয়া মনোভাব কোম্পানির বলে ধরা যায়। ফলে কোম্পানি দায়ী হতে পারে।
তৃতীয় পরিস্থিতিতে মতবাদের সবচেয়ে বড় দুর্বলতা ধরা পড়ে। ধরা যাক, কারখানার নিরাপত্তা-ব্যবস্থার ব্যর্থতার পেছনে তিনজনের তিনটি ছোট ভুল ছিল। পরিচালনা পর্ষদ নিরাপত্তা প্রতিবেদন মন দিয়ে পড়েনি, অর্থ-পরিচালক নিরাপত্তা বাজেট কমিয়েছেন, আর প্ল্যান্ট ম্যানেজার দরজার তালা মেরামত করেননি। এঁরা প্রত্যেকে কোম্পানির “মস্তিষ্ক”। কিন্তু কারও একার ভুলই এতটা গুরুতর নয় যে সেটি নিজে একটি অপরাধ বলে গণ্য হবে।
এখন প্রশ্ন, তিনজনের এই ছোট ছোট ভুল যোগ করে কি বলা যায়, কোম্পানি সব মিলিয়ে গুরুতর অবহেলা করেছে? এই যোগ করার পদ্ধতিকেই বলা হয় aggregation। ইংরেজ আদালত এই পথ গ্রহণ করেনি। কারণ মতবাদ অনুযায়ী অপরাধ প্রমাণ হতে হবে একজন নির্দিষ্ট ব্যক্তির মধ্যে। তিনজনের আংশিক দোষ জোড়া দিলেও কোনো একজন ব্যক্তি অপরাধী হন না, ফলে কোম্পানিও অপরাধী হয় না।
পরিণামে একজন শ্রমিকের মৃত্যু হলেও কোম্পানি ফৌজদারি দায় থেকে মুক্ত থেকে যায়, অথচ মৃত্যুর আসল কারণ ছিল পুরো ব্যবস্থার ব্যর্থতা। মতবাদের সবচেয়ে বড় ফাঁক এটিই: কোম্পানি যত বড় ও বিকেন্দ্রীকৃত হয়, ভুল তত বেশি মানুষের মধ্যে ছড়িয়ে থাকে, আর তত কম সম্ভাবনা থাকে যে কোনো একজনের মধ্যে অপরাধ প্রমাণ হবে।
৬. অন্যান্য তত্ত্বের সঙ্গে তুলনা
কোম্পানিকে ফৌজদারি দায়ে ধরার প্রধান পথ তিনটি, আর identification তার একটি। দ্বিতীয় পথ vicarious liability, যেখানে যেকোনো কর্মীর কাজের দায় কোম্পানির ওপর বর্তায়। এতে প্রমাণ সহজ হয় এবং প্রতিরোধমূলক প্রভাব বাড়ে, কিন্তু দোষহীন কোম্পানিকেও অপরাধী করার ঝুঁকি থাকে, আর দোষী মনের প্রশ্নও জটিল হয়ে ওঠে। তৃতীয় পথ সাংগঠনিক ব্যর্থতাভিত্তিক দায় (organisational fault), যেখানে কোনো ব্যক্তির মন নয়, কোম্পানির ব্যবস্থাপনা পদ্ধতির ব্যর্থতাই দোষ। এটি আধুনিক সংগঠনের বাস্তবতার সঙ্গে বেশি মেলে, তবে “ব্যর্থতা” কোন মানদণ্ডে মাপা হবে, সেই প্রশ্ন অনিশ্চিত থাকে। যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনে vicarious ধরনের দায় বেশি প্রচলিত, আর ইংল্যান্ডে ঐতিহ্যগতভাবে identification।
৭. সমালোচনা ও সমর্থন
মতবাদটির সবচেয়ে বড় সমালোচনা হলো, এটি ছোট ও বড় কোম্পানির প্রতি অসম আচরণ করে। ছোট কোম্পানিতে মালিক ও পরিচালক প্রায়ই একই ব্যক্তি, তাই “মস্তিষ্ক” শনাক্ত করা সহজ। ইংল্যান্ডে R v Kite and OLL Ltd (১৯৯৪) মামলায় ছোট কোম্পানি দোষী সাব্যস্ত হয়েছিল। বড় কোম্পানিতে দায়িত্ব বিভিন্ন স্তরে ভাগ হয়ে থাকে, ফলে কোনো একজনের মধ্যে অপরাধের সব উপাদান একত্রে পাওয়া কঠিন।
দ্বিতীয় সমালোচনা, আধুনিক সংগঠনে সিদ্ধান্ত বিকেন্দ্রীকৃত। ঝুঁকি সাধারণত তৈরি হয় পুরো ব্যবস্থার ফলে, কোনো একজনের মনে নয়। মতবাদটি এই বাস্তবতাকে একজন মানুষের মনের মধ্যে আটকে ফেলে। তৃতীয়ত, একাধিক ব্যক্তির ছোট ছোট ব্যর্থতা জোড়া দিয়ে কোম্পানির দায় তৈরি করা যায় না, ইংরেজ আদালত এই পথ নেয়নি। চতুর্থত, এতে জবাবদিহির ফাঁক তৈরি হয়। ভুক্তভোগী পরিবার ও জনগণ প্রায়ই মনে করে, ফৌজদারি আইন কোম্পানিকে ছুঁতে পারে না।
কিছু স্কলারের মতে ফৌজদারি দণ্ড দোষের ওপর দাঁড়ায়, তাই কর্মীর প্রতিটি ভুলের জন্য কোম্পানিকে manslaughter-এর মতো গুরুতর কলঙ্ক দেওয়া অন্যায্য হতে পারে (fair labelling)। তাছাড়া নিরাপত্তা-সংক্রান্ত নিয়ন্ত্রক আইন ও দেওয়ানি ক্ষতিপূরণের মাধ্যমে জবাবদিহি আলাদা পথে নিশ্চিত করা সম্ভব।
৮. সংস্কারের ধারা
মতবাদের সীমাবদ্ধতা মেটাতে আইন কয়েকটি দিকে এগিয়েছে। প্রথমত, Meridian মামলার ধারা অনুযায়ী attribution-এর নিয়ম আইনের উদ্দেশ্য ধরে ঠিক হতে পারে। দ্বিতীয়ত, যুক্তরাজ্যের Corporate Manslaughter and Corporate Homicide Act ২০০৭ (কার্যকর ২০০৮) কোনো ব্যক্তিকে শনাক্ত করার বদলে দেখে, শীর্ষ ব্যবস্থাপনা সংগঠনের কাজ কীভাবে পরিচালনা করেছে এবং তা দায়িত্ব পালনে চরম ব্যর্থতা কি না। এতে শাস্তি সীমাহীন জরিমানা। “senior management”-এর ওপর জোর থাকায় বিকেন্দ্রীকৃত কাঠামোর সমস্যা পুরোপুরি মেটেনি। তৃতীয়ত, ২০২৩ সালের Economic Crime and Corporate Transparency Act-এ কিছু অর্থনৈতিক অপরাধের ক্ষেত্রে “senior manager” পর্যন্ত দায়ের পরিধি বাড়ানো হয়েছে, যা পুরোনো মতবাদের একটি আংশিক সংশোধন।
৯. বাংলাদেশ প্রসঙ্গ
কাঠামোগত ভিত্তি। দণ্ডবিধি ১৮৬০-এর ধারা ১১ অনুযায়ী “ব্যক্তি” (person) শব্দের মধ্যে যেকোনো কোম্পানি, সংস্থা বা ব্যক্তিসমষ্টি অন্তর্ভুক্ত, নিবন্ধিত হোক বা না হোক। তাই ধারা ২ অনুযায়ী কোম্পানিও দণ্ডবিধির অধীনে শাস্তিযোগ্য হতে পারে। কিন্তু ধারাটি শুধু বলে কোম্পানি “ব্যক্তি”, কোম্পানির মন কীভাবে প্রমাণ হবে তা বলে না। ইংরেজ আইনের identification doctrine-এর মতো কোনো সুস্পষ্ট নীতি দণ্ডবিধিতে নেই। বাংলাদেশে Lennard’s বা Tesco-র “directing mind” পরীক্ষা আদালত সরাসরি গ্রহণ করেছে এমন কোনো রায় বা নজির নেই।
Eusof Babu v State (২০১৩), আপিল বিভাগ। কোম্পানির ফৌজদারি দায় নিয়ে বাংলাদেশে বিরল আলোচিত রায়গুলোর একটি এটি (LEX/BDAD/0092/2013), যদিও এটি Negotiable Instruments Act ১৮৮১-এর ধারা ১৩৮ অনুযায়ী চেক ডিজঅনারের মামলা। প্রশ্ন ছিল, কোম্পানিকে আসামি না করে শুধু ব্যবস্থাপনা পরিচালক বা পরিচালকদের বিরুদ্ধে মামলা চলতে পারে কি না। বিচারিক আদালত বলেছিল পারে না, কারণ মূল অপরাধী কোম্পানি। হাইকোর্ট বিভাগ ভিন্ন মত দেয়, আর আপিল বিভাগ ৩-১ সংখ্যাগরিষ্ঠতায় হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রাখে।
সংখ্যাগরিষ্ঠের মতে ধারা ১৩৮ অনুযায়ী তিন শ্রেণির ব্যক্তিকে অভিযুক্ত করা যায়: কোম্পানি, কোম্পানির দায়িত্বে থাকা ব্যক্তি এবং যেসব পরিচালক বা কর্মকর্তার সম্মতি বা অবহেলায় অপরাধ হয়েছে। সংখ্যালঘু বিচারকের মত ছিল, কোম্পানি আলাদা সত্তা এবং মূল অপরাধী সেটিই, আর পরিচালকেরা কেবল সহায়তাকারী হিসেবে (ধারা ১৪০) দায়ী। বিষয়টি নিয়ে একটি আইনি আলোচনায় (Daily Star, ২০১৭) বলা হয়েছে, কোম্পানিকে আসামি না করায় জরিমানা আদায়ের ক্ষেত্রে সমস্যা হতে পারে।
এই রায় আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়। বাংলাদেশের আইন প্রায়ই identification doctrine-এর মতো বিচারক-সৃষ্ট নীতির ওপর নির্ভর না করে আইনেই সরাসরি লিখে দেয়, কোম্পানির ক্ষেত্রে কারা দায়ী হবেন।
বিশেষ আইনের পথ: Money Laundering Prevention Act ২০১২। এই আইন সরাসরি “সত্তা” (entity) ধারণা ব্যবহার করে, যার সংজ্ঞায় আইনি সত্তা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, অংশীদারি ফার্ম ও সমবায় সমিতিও পড়ে। ধারা ৪ অনুযায়ী কোনো সত্তা মানি লন্ডারিং করলে তাকে সংশ্লিষ্ট সম্পদের মূল্যের দ্বিগুণ বা ২০ লক্ষ টাকা, যেটি বেশি, সেই পরিমাণ জরিমানা করা হয়, এবং সত্তার নিবন্ধন বাতিলযোগ্য। এখানে কোম্পানির “মস্তিষ্ক” শনাক্ত করার প্রয়োজন পড়ে না, কোম্পানি নিজেই সরাসরি অপরাধী। প্রাপ্ত সারসংক্ষেপ অনুযায়ী জরিমানা না দিলে সত্তার মালিক, চেয়ারম্যান, পরিচালক বা ঊর্ধ্বতন কর্মকর্তার কারাদণ্ডের বিধানও আছে।
এটি দণ্ডবিধির সেই সমস্যার সমাধান, যেখানে কেবল কারাদণ্ডের শাস্তির অপরাধে কোম্পানিকে শাস্তি দেওয়া কঠিন। একই আইনের ধারা ২৭ বলে, সত্তা অপরাধ করলে যে মালিক, পরিচালক, ব্যবস্থাপক, সচিব বা অন্য কর্মকর্তা অপরাধের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত, তাঁরা দোষী বলে ধরা হবে, যদি না তাঁরা প্রমাণ করতে পারেন যে তাঁদের অজান্তে অপরাধ হয়েছে বা তাঁরা অপরাধ ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন। অর্থাৎ প্রমাণের ভার এখানে উল্টে গেছে, যা identification doctrine-এর চেয়ে অভিযোগকারী পক্ষের জন্য সহজ।
প্রাণহানির ঘটনায় দণ্ডবিধি: তাজরীন ও রানা প্লাজা। যেখানে কোম্পানির অবহেলায় বহু মানুষ মারা যায়, সেখানে বাংলাদেশে মূলত দণ্ডবিধির ধারা ৩০৪ (অনিচ্ছাকৃত নরহত্যা) ও ৩০৪এ (অবহেলায় মৃত্যু) প্রয়োগের চেষ্টা হয়েছে। তাজরীন ফ্যাশনসের ২০১২ সালের অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি ধারা ৩০৪এ-তে বিচারের সুপারিশ করে। তখন প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ধারা ৩০৪এ-র সর্বোচ্চ শাস্তি পাঁচ বছরের কারাদণ্ড। পরে দুই মালিক ও আরও ১১ জন ঊর্ধ্বতন কর্মীর বিরুদ্ধে অনিচ্ছাকৃত নরহত্যার অভিযোগ গঠন হয়। রানা প্লাজা ধসের (২০১৩) ক্ষেত্রে ভবনমালিক, পাঁচ কারখানার মালিক ও ব্যবস্থাপনার বিরুদ্ধে ৩০৪ ও ৩৪ ধারায় বিচারের সুপারিশ করা হয়, পরে অভিযোগ পরিবর্তন হয়ে হত্যার (murder) অভিযোগে দাঁড়ায়। এসব প্রতিবেদনে অভিযুক্ত হিসেবে ব্যক্তিদের নাম পাওয়া যায়, কোনো কোম্পানির নাম পাইনি।
বাংলাদেশের আইন শিল্প-দুর্ঘটনায় মৃত্যুকে আলাদা অপরাধ হিসেবে সরাসরি স্বীকৃতি দেয় না, ফলে ভুক্তভোগীদের জন্য নিশ্চিত আইনি পথ নেই। অর্থাৎ ইংল্যান্ডে ২০০৭ সালে যে corporate manslaughter-জাতীয় পৃথক অপরাধ এসেছে, বাংলাদেশে তার সমতুল্য কিছু নেই।
এই সূত্রগুলো একসঙ্গে দেখলে বাংলাদেশের অবস্থান তিন স্তরে বোঝা যায়। প্রথমত, দণ্ডবিধির ধারা ১১ কাঠামোগতভাবে কোম্পানিকে অভিযুক্ত করার সুযোগ দেয়, কিন্তু মনের উপাদান প্রমাণের নীতি অস্পষ্ট।
দ্বিতীয়ত, কিছু বিশেষ আইন পরিচালক বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার দায় সরাসরি আইনে লিখে দিয়েছে (যেমন ধারা ১৩৮ ও ১৪০ বা মানি লন্ডারিং আইনের ধারা ২৭)।
তৃতীয়ত, কিছু আইন সত্তাকে সরাসরি জরিমানা করার ব্যবস্থা রেখেছে। এই দ্বিতীয় ও তৃতীয় পথে identification doctrine-এর “মস্তিষ্ক খোঁজার” সমস্যা অনেকটা এড়ানো যায়। কিন্তু দণ্ডবিধির অপরাধে, বিশেষ করে প্রাণহানির ঘটনায়, যেখানে এ ধরনের বিশেষ বিধান নেই, সেখানে কোম্পানির নিজস্ব ফৌজদারি দায় প্রমাণের কোনো পরিষ্কার পথ নেই। ফলে ব্যক্তিকে দোষী করার ওপরই নির্ভর করতে হয়, আর ব্যবস্থার ব্যর্থতার দায় অনেক সময় ফাঁকা থেকে যায়।
শেষ কথা
Identification doctrine কোম্পানির ফৌজদারি দায়ের একটি কার্যকর কিন্তু সংকীর্ণ সেতু। ছোট ও কেন্দ্রীভূত কোম্পানিতে এটি কাজ করে। বড় ও বিকেন্দ্রীকৃত সংগঠনে দায়িত্ব এত ছড়িয়ে থাকে যে কোনো একজনের মধ্যে অপরাধের সব উপাদান পাওয়া যায় না। তাই আধুনিক আইন ক্রমে ব্যক্তিকে শনাক্ত করার বদলে ব্যবস্থাপনা-পদ্ধতির ব্যর্থতার দিকে সরছে। তবে ব্যক্তিগত দোষ ও সাংগঠনিক জবাবদিহির মধ্যে ভারসাম্যের প্রশ্ন এখনও খোলা।
Author: Jibon Ibn Habib